১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় গৃহবধূকে হত্যার পর লাশে আগুন, ২১ বছর পর স্বামীর ফাঁসির রায়

২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতে বিলকিসকে হত্যার পর ঘটনা ভিন্নখাতে নিতে মৃতদেহে আগুন দেওয়া হয় বলে জানান এপিপি।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 09:23 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

ভোলা সদর উপজেলার এক গৃহবধূকে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. এনায়েত উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সাজেদা আখতার।

সাজা পাওয়া মো. বশির উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ. রশিদের ছেলে।

এপিপি সাজেদা আখতার বলেন, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাতের যেকোনো সময় নিজ ঘরে বিলকিসকে হত্যা করেন বশির। ঘটনা ভিন্নখাতে নিতে মৃতদেহে আগুন দেওয়া হয়। এতে তার মুখ, গলা, ঘাড়, বুক ও পাঁজরসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুই সন্তানকে বাড়িতে রেখে পালিয়ে যান বশির। পরে এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে মামলা করেন।

প্রায় ২০ বছর পলাতক থাকার পর বশির ২০২৫ সালে আদালতে আত্মসমর্পণ করেন বলে জানান এপিপি।

রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।