এবার লালন স্মরণোৎসব এক দিন, থাকছে না মেলা ও সাংস্কৃতিক আয়োজন
এবারের উৎসবে থাকছে না কোনো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা, বলেন কুষ্টিয়ার ডিসি।
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সাধক লালন শাহের আখড়াবাড়িতে এবছর এক দিন লালন স্মরণোৎসব করার সিদ্ধান্ত হয়েছে। সেটি হবে ১৩ মার্চ।
তবে এবারের উৎসবে থাকছে না কোনো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।
বুধবার কুষ্টিয়ার ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘লালন স্মরণোৎসব-২০২৫’ এর প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভায় কুষ্টিয়ার ডিসি ও লালন একাডেমির সভাপতি মো. তৌফিকুর রহমান বলেন, “যেহেতু প্রতি বছরের ন্যায় এবছর লালন মাঠে লালন মেলার জন্য কোন ইজারা দেওয়া হচ্ছে না। ওই মাঠে কোনো সাংস্কৃতিক আয়োজন থাকছে না।
“স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি সেখানে মাদক সেবন বা বিক্রি করেন, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় বলা হয়েছে, রোজার মাসে দিবসটি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লালনের জীবদ্দশা থেকে দোলপূর্ণিমাকে ঘিরে প্রতি বছর ছেঁউড়িয়ায় এ উৎসব হয়েছে। লালনের প্রয়াণের পর প্রতিবছর সেখানে লালন স্মরণোৎসব হয়ে আসছে।
সাধারণত এই উৎসব তিন দিনের। কখনো কখনো ভক্তদের দাবিতে সময় বাড়ানো হতো।
তবে এবারের উৎসবে শুধুমাত্র ভক্ত অনুসারীদের মূল আচার-অনুষ্ঠান রাখার কথা বলেছেন বাউল ভক্তরা।
সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরে ডিসি বলেছেন, লালন একাডেমির পক্ষ থেকে ১৩ মার্চ সন্ধ্যা ও রাতে বাউল, ভক্ত, ফকিরদের ‘বাল্যসেবা’ দেওয়া হবে। পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরদের দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী একাডেমির পক্ষ থেকে ‘পূর্ণসেবা’ দেওয়া হবে না, তারা নিজস্ব উদ্যোগে ‘পূর্ণসেবা’ নেবেন।
সভায় সভাপতিত্ব করেন ডিসি তৌফিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নাগরিক প্রতিনিধি আলমাস হোসেন মামুন।
