১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ৪ ইটভাটা বন্ধ, ১৬ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 11:29 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চারটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে ১৬ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

বুধবার সদর উপজেলার পুখুরিয়া গ্রামে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। 

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী, রিহাব ইনাম উপস্থিত ছিলেন। 

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। গোপালগঞ্জ জেলা পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস সহযোগিতা প্রদান করে।

অভিযানে সোহাগ ব্রিকসকে চার লাখ টাকা, রাজ ব্রিকসকে তিন লাখ টাকা, স্টার ব্রিকসকে চার লাখ টাকা ও শেয়ার ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

পাশপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

সহকারী পরিচালক মাহফুজুর রহমান আরও বলেন, গোপালগঞ্জ জেলায় জনস্বাস্থ্য রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।