১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ঘরে পড়ে ছিল বৃদ্ধার লাশ, স্বর্ণালংকার লুট

স্বর্ণালংকার লুট করার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের।

টাঙ্গাইলে ঘরে পড়ে ছিল বৃদ্ধার লাশ, স্বর্ণালংকার লুট
টাঙ্গাইলের ঘাটাইলের দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। যাকে হত্যা করে তার শরীরে থাকা স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে দাবি স্বজনদের।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন।

নিহত ৬৫ বছর বয়সি হনুফা বেগম উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের প্রয়াত আব্দুল গফুরের স্ত্রী। তিনি বাড়িতে একাই থাকতেন।

ওসি মোশারফ হোসেন বলেন, হনুফা বেগমের স্বামী অনেক আগে মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল শহরে বাসায় থেকে ব্যবসা করেন।

“প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন হনুফা। সকাল ৯টার দিকে ওই এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি ঘর ভাড়া নেওয়ার জন্য হনুফার বাড়িতে গেলে কাউকে না পেয়ে ডাকাডাকি করেন। এ সময় হনুফার জা এসে ঘরের দরজা খোলা ও বিছানায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ছেলে হুমায়ূনকে মোবাইল করেন।”

হনুফার ছেলে হুমায়ূন সিকদার বলেন, “মায়ের হাতে দুটি স্বর্ণের বালা, গলায় চেইন, কানে দুল ব্যবহার করতেন। স্বর্ণালংকার লুট করার জন্য মাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

খবর পেয়ে পুলিশ মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি মোশারফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্তে বেরিয়ে আসবে।”