১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে পোশাক কারখানায় আগুন, আহত ২

কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 05:06 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক আহত হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

বৃহস্পতিবার সকালে কুশুরা ইউনিয়নের বকচর এলাকার ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন জানান। 

আহতরা হলেন- কারখানার শ্রমিক মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল আমিন বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে মেশিনারিজ মালামালসহ প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

“তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।” 

তিনি আরও বলেন, “কারখানাটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। এর মধ্যে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট  থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। ইউনিটগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে যেতে হয়েছে।”

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।