ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টন ‘ভারতীয়’ চিনি জব্দ, আটক ৪
ঘটনাস্থল থেকে চারজনকে আটক এবং একটি কভার্ড ও দুটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত উপজেলা কসবা থেকে পুলিশ ১০ হাজার ৭৫০ কেজি ‘ভারতীয়’ চিনি জব্দ করেছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে কুটি কাঠেরপুল এলাকায় এ অভিযান চালানো হয় বলে কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন।
এ সময় আটক চারজন হলেন মো. মাসুম পারভেজ (৩২), টিপু সরকার (৩০), মামুন মিয়া (২৫) ও সোহাগ সরদার (২৫)।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা চিনি পাচার হওয়ার খবরে কুটি কাঠেরপুল এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়।
“একটি কভার্ড ভ্যান ও দুইটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২১৮ বস্তাভরতি ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ চিনি ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা এ হয়েছে।”
ঘটনাস্থল থেকে চারজনকে আটক এবং একটি কভার্ড ও দুটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
চিনির মূল্য বৃদ্বির পর থেকে কসবা সীমান্ত দিয়ে ভারত থেকে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে চিনি আনা হচ্ছিল বলে গণমাধ্যমে খবর প্রচার হয়েছে।
