১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু

‘ভুল চিকিৎসায়’ ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 04:16 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

জয়পুরহাট সদর উপজেলায় টনসিল অপারেশনের পর এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। ‘ভুল চিকিৎসায়’ ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

শুক্রবার রাতে শহরের পূর্ব বাজার বন্ধন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

মৃত রুমা আক্তার (২৮) সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী। 

শামীম জানান, শুক্রবার রাতে রুমার টনসিল অপারেশন করাতে বন্ধন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসক আসাফউদ্দৌলা এবং তানভিরের তত্ত্বাবধানে তার টনসিল অপারেশন করা হবে বলে জানায় ক্লিনিক কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর রুমার মৃত্যুর খবর পাওয়া যায়।

এ ঘটনার পর রুমার মৃতদেহ রেখে চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে গেছেন বলে জানান পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে রুমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

গৃহবধূর মৃত্যুর বিষয়ে জানতে ক্লিনিক কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের ফোন করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।