১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ২৭০০ লিটার ডিজেল জব্দ, একজন কারাগারে

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালীতে ২৭০০ লিটার ডিজেল জব্দ, একজন কারাগারে
অবৈধভাবে মজুদ করা দুই হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ করে নৌবাহিনী ও পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 05:39 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে মজুদ করা দুই হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ করেছে নৌবাহিনী ও পুলিশ। 

এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের মোক্তারিয়া ঘাট এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার জানান হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।

গ্রেপ্তার মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) ওই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশ যৌথভাবে মোক্তারিয়া ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন একটি স্থান থেকে ১৫টি ড্রামে সংরক্ষিত দুই হাজার ৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

ওসি কবির বলেন, জব্দ করা ডিজেল জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি নিয়মিত মামলা করা হয়। পরে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল কাদের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।