Published : 16 Dec 2025, 01:38 PM
শরীয়তপুরে পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এক চালকের সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।
পদ্মা দক্ষিণ থানার ওসি মোহাম্মদ শাহে আলম জানান, মঙ্গলবার ভোর মঙ্গলবার ভোর সোয়া ৩টার দিকে জাজিরা উপজেলায় নাওডোবা এলাকায় ঢাকা থেকে কুয়াকাটা গামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’ পেছন থেকে ‘বসুমতি পরিবহনে’ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৭ বছর বয়সী মো. তোফায়েল মিয়া বসুমতি পরিবহনের চালকের সহকারী। তিনি মাদারীপুর জেলার দক্ষিণ পাড়ার সেলিম মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর সেতুতে যান চলাচল প্রায় ২০ মিনিটের জন্য বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
ওসি শাহে আলম বলেন, বসুমতী পরিবহন ঢাকা থেকে পদ্মা সেতুর ওপরে আসলে দ্রুত গতিতে পেছন দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটা গামী পদ্মা স্পেশাল পরিবহন জোরে ধাক্কা মারে। এতে বসুমতি পরিবহনের হেলপার তোফায়েল মিয়া নিহত হন এবং আহত হন অন্তত ২০ যাত্রী।
বসুমতি পরিবহনের আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, সাময়িক সময়ের জন্য পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্ন ঘটলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।