১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে নিজ প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে খুন হলেন ব্যবসায়ী

পাশ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 05:02 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডিশ ক্যাবল ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পেছনে চাঁদমারী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

নিহত ব্যক্তির নাম মো. নাছির (৬০), তিনি চাঁদমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামে ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে স্থানীয়রা সেখানে গেলে প্রতিষ্ঠানের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন তিনি। 

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পাশ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন।

ওসি বলেন, “হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”