Published : 05 Apr 2026, 06:35 PM
পাবনার ঈশ্বরদীতে এক নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে; যিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
রোববার সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ি গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি জিয়াউর রহমান জানান।
ওই নারীর বয়স ২৮ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, রোববার সকালে বোরকা পরা ওই নারীকে রেললাইনের ওপর বসে থাকতে দেখেন স্থানীয়রা। পথচারীরা তার পরিচয় জানতে চাইলে তিনি জানান, পাশের এলাকাতেই তার বাড়ি এবং স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি ঘর থেকে বেরিয়ে এসেছেন।
এর কিছুক্ষণ পর রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়।
স্থানীয়রা রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
ওসি জিয়াউর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্থানীয়দের সঙ্গে তার শেষ কথাোপকথনেও স্বামীর সঙ্গে ঝগড়ার বিষয়টি উঠে এসেছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।
তিনি বলেন, এই ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে আশপাশের গ্রামগুলোতে খবর দেওয়া হয়েছে।