Published : 02 Sep 2026, 09:07 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় হামের টিকা নেওয়ার পর ১১ মাসের এক শিশুর পায়ে সংক্রমণ দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
বুধবার সকালে শিশুটির বাবার কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা জানান রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান।
শিশু জায়ান উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের মিজি বাড়ির রফিকুল ইসলামের ছেলে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৭ জুলাই জায়ানকে ১০ মাস বয়সের নির্ধারিত টিকা দিতে দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ের হাঁটুর একটু নিচে টিকা দেন। এরপর শিশুটির পায়ে পোড়া, পুঁজ ও রক্ত বের হওয়ার মত সংক্রমণ দেখা দেয়।
শিশুটির দাদি রেহানা আক্তার বলেন, “পোড়া-পুঁজ ও রক্ত বের হওয়ার ঘটনাটি টিকাদানকারীকে জানালেও তিনি গুরুত্ব দেননি। জায়ানের পায়ের অবস্থাও ভালো না, আমরা বিপদে আছি।”
টিকা প্রদানকারী শারমিন আক্তার সাংবাদিকদের বলেন, “ভুল হতেই পারে, মানুষ ভুল করে না? হাজারো ডাক্তার ভুল করে রোগী মারা যায়, কই কিছু তো হয় না। তাহলে আমার বিষয়টা নিয়ে এত মাতামাতি কেন?”
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, “শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মোস্তাক আহমেদ বলেন, “ঘটনাটি জেনেছি। ইউএনও বিষয়টি আমাকে জানিয়েছেন। শিশুটির পরিবারকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে শিশুটিকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে।”