১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতনিসহ প্রাণ গেল ৩ জনের

বিদ্যুতায়িত মইয়ে প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন, তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন জড়িয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 10:47 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM

চাঁপাইনবাবগঞ্জ সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন; যাদের মধ্যে দাদি ও নাতনি আছেন।

মঙ্গলবার সকাল ৭টায় সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আরিফুর রহমান।

নিহতরা হলেন- ওই এলাকার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (৩৫) এবং হাসিনা বেগমের নাতনি শাহরিয়ার মিম (১২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। তবে মইটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়েছিল। মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

এসআই আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।