Published : 09 Nov 2025, 01:18 PM
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।
সেখান থেকে উদ্ধার ওয়ান-শুটার পিস্তল, তিন রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে থানার ওসি বনি ইসরাইল জানিয়েছেন।
সেনাবাহিনী ক্যাম্প থেকে পাওয়া তথ্যের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযান পরিচালনার সময় ফেলে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি বনি ইসরাইল।