Published : 21 Aug 2026, 09:27 PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক রাতে সিদীপ, গার্ক ও পল্লী উন্নয়ন কর্মসূচি নামের তিন এনজিও কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়।
বৃহস্পতিবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে উপজেলার কুট্টাপাড়া এলাকায় সামছুদ্দিন নান্নু মিয়ার বহুতল ভবনে এ ঘটনা ঘটে বলে জানান সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
আহত রাব্বি মিয়া পল্লী উন্নয়ন কর্মসূচি হিসাব রক্ষক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় তিন এনজিওর কার্যালয় ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষ রয়েছে। রাত ৩টার দিকে ভবনের প্রধান ফটক ও কার্যালয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করে মুখোশধারী একদল ডাকাত।
তারা ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কক্ষের দরজার বাইরে থেকে আটকে দেয়। পরে অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের দেশি অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ড্রয়ার ভেঙে নগদ টাকা লুটে নেয় ডাকাতরা।
এ সময় তৃতীয় তলায় সিদীপের হিসাব কর্মকর্তা রাব্বি মিয়া টাকা রক্ষার জন্য ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তি করেন। এতে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। লুট শেষে ডাকাতরা পালিয়ে যায়।
ভোরে আশঙ্কাজনক অবস্থায় রাব্বি মিয়াকে প্রথমে সরাইল ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গার্কের ফিল্ড কর্মকর্তা স্বপন রাজবংশী, সারোয়ার ও এরিয়া ম্যানেজার গোলাম মোস্তফা বলেন, তালা কাটার শব্দে ঘুম থেকে ওঠেন তারা। তবে দরজা বাইরে থেকে লাগানো থাকায় কেউ বের হতে পারেননি। ঘটনার সময় তারা চিৎকার করেছেন কিন্তু কেউ এগিয়ে আসেনি।
ভোরে কাজের বুয়া এসে দরজা খুলে দেন। ডাকাতরা ভবনের সিসি টিভির রেকর্ড বক্স নিয়ে গেছে। তবে দক্ষিণ পাশের ভবনে সিসি টিভি আছে। ভবনটিতে কোনো নিরাপত্তা কর্মী ছিল না।
নিরাপত্তা কর্মী না থাকা বিষয়ে জানতে চাওয়া হলে ভবন মালিক সামছুদ্দিন নান্টু বলেন, “গার্ড নেই, আমিই তো আছি।”
দক্ষিণ পাশের ভবনের সিসি টিভিতে দেখা গেছে, ডাকাতির সময়ে ওই ভবনের সামনে দাঁড়িয়ে এই ভবনের দিকে চেয়ে আছেন সেখানকার নিরাপত্তরক্ষী। সকালে কাউকে কিছু না বলে তিনি চলে গেছেন।
সিদীপের শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, “রোগী নিয়ে ঢাকায় আছি। এখনো ক্ষয়ক্ষতির হিসাব করিনি। ডাকাতরা পাঁচ লক্ষাধিক টাকা নিয়েছে। আমরা অবশ্যই মামলা করব।”
ওসি মনজুর কাদের বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তবে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।