২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

গ্রেপ্তার জাহিদুল ইসলাম সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের চিকিৎসক বলে জানায় পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

ঢাকার সাভারের আশুলিয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, শনিবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের চিকিৎসক বলে জানায় পুলিশ।

একই মামলায় তার স্ত্রী চিকিৎসক মারিয়া আক্তারকেও আসামি করা হয়েছে। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানায়, শনিবার রাতে নির্যাতনের শিকার হয়ে শিশুটি বাসা থেকে পালিয়ে আসে এবং পথচারীদের কাছে ঘটনাটি জানায়। পরে পথচারীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের সত্যতা পেয়ে চিকিৎসককে গ্রেপ্তার করে।

গৃহকর্মী পুলিশকে জানায়, তার বাড়ি পাবনার বেড়া উপজেলায়। বেশি টাকা পাওয়ার লোভে ১১ মাস আগে তার পরিবার চিকিৎসক দম্পতির বাসায় তাকে কাজে পাঠায়। প্রথম মাসে আদর-যত্ন করলেও পরের মাস থেকেই তাকে নির্যাতন করা হত। স্বামী-স্ত্রী দুজন মিলেই নির্যাতন করত। গরম খুন্তি দিয়ে শিশুটির জিহ্বায় ছ্যাঁকাও দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেছেন। শিশুটিকেও তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।