১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বকেয়া মজুরি পেয়ে কাজে ফিরলেন ন্যাশনাল টির শ্রমিকরা

বাকি সপ্তাহের বকেয়া পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানিয়েছে চা বাগান কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 07:13 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

দুই সপ্তাহের বকেয়া মজুরি পাওয়ার পর কাজে ফিরেছেন ন্যাশনাল টি কোম্পানি-এনটিসির সবকটি বাগানের শ্রমিকেরা।

সোমবার মজুরি পরিশোধ করা হলে মঙ্গলবার সকালে চা শ্রমিকরা কাজে যোগ দেন বলে জানান এনটিসির মহাব্যবস্থাপক এমদাদুল হক।

শ্রমিকদের মজুরি তিন মাস ধরে বন্ধ ছিল। এর আগে বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। অবশেষে বকেয়া পেতে শুরু করেছেন শ্রমিকরা।

এনটিসির মালিকানাধীন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১২টি বাগানের শ্রমিকরা কাজে ফিরেছেন বলে সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এমদাদুল হক।

তিনি বলেন, “শ্রমিকদের বাকি সপ্তাহের বকেয়া মজুরি পর্যায়ক্রমে দেওয়া হবে। এ ছাড়া ডিসেম্বর থেকে আর বেতন বকেয়া পড়বে না।”

মজুরি না পেয়ে ন্যাশনাল টির শ্রমিকদের দিন কাটছে 'খেয়ে না খেয়ে'

বকেয়া পরিশোধের আশ্বাসকাজে ফিরছেন ন্যাশনাল চা বাগানের শ্রমিকরা

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, এনটিসির মালিকানাধীন চা বাগান শ্রমিকদের দুই সপ্তাহের বকেয়া দেওয়ার পর শ্রমিকেরা বাগানে কাজ করেছেন। শ্রমিকদের বাকি সপ্তাহের বকেয়া পর্যায়ক্রমে দিবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সিলেটের দলদলি চা বাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস বলেন, “সকাল থেকে চা শ্রমিকেরা বাগানে কাজ করেছেন। সোমবার তাদের বকেয়া মজুরি দেওয়া হয়েছে।

সিলেটের লাক্কাতুরা, কেওয়াছড়া ও দলদলি এই তিনটি বাগানসহ এনটিসির অধীনে থাকা বাকি বাগান মিলে প্রায় ১৫ হাজার শ্রমিক আছেন। আর তাদের ওপর নির্ভরশীল অন্তত ৫০ হাজার মানুষ। 

তিন মাস ধরে বেতন বকেয়া থাকায় সবাই কষ্টে দিন কাটিয়েছেন বলে জানান মিন্টু দাস।