১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, যানজট

“ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।”

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 04:18 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

কিশোরগঞ্জে সদ্য ঘোষিত ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড় এলাকায় ছাত্রদলের বঞ্চিত অংশের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে কর্মসূচি পালন শুরু করে। এ সময় ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে নেতাকর্মীরা শ্লোগান দেন।

এ ছাড়া ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি আখ্যা দিয়ে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধেও শ্লোগান দেওয়া হয়।

কর্মসূচি চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শহরজুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। আধাঘণ্টা পরে কর্মসূচির শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন কবির অমি বলেন, “ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ পাভেল হাসান বক্তব্য রাখেন।

গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন হঠাৎ করে সেই কমিটি বাতিল করা হয়। এরপর প্রায় ১১ মাস কমিটি শূন্য থাকার পর গত ২ মে আবারও পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।