১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসির নির্দেশনা মেনে ভোটের প্রচার সামগ্রী সরালেন জামায়াতের প্রার্থী

“নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 02:59 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তার নির্বাচনী এলাকায় সব ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় বিদ্যমান সব ধরনের নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার স্থানীয় সরকার বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

দ্বীন মোহাম্মদ সরকারি তফসিল অনুসারে শুক্রবার সকাল ১০টায় নিজ এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি কর্মী-সমর্থকদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনি আচরণবিধি ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী তার নামে ছাপানো সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ দায়িত্ব ও ব্যয়ে দ্রুত অপসারণ করতে হবে।

সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমীর মো. মিজানুর রহমানসহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে উপস্থিত ছিলেন।

দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচনি প্রচারের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা আইনগত বাধ্যবাধকতা। তাই আমরা তা যথাসময়ে বাস্তবায়ন করছি।

“নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ।”