Published : 15 Jun 2026, 07:11 PM
ময়মনসিংহ নগরীতে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। এর প্রতিবাদে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে একটি চক্র অবৈধভাবে শতাধিক দোকান নির্মাণ করে জায়গা দখল করে রেখেছিল।
এ ছাড়া মাসকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। অভিযানে খননযন্ত্র ব্যবহার করে কংক্রিটের অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের সাবেক সহসভাপতি জুলহাস উদ্দিন বলেন, “কোনো নোটিস ছাড়াই আমাদের সমিতির কার্যালয়ের একাংশ গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন। এর প্রতিবাদে আমরা মহাসড়ক অবরোধ করি। পরে সিটি করপোরেশনের প্রশাসক বিষয়টি দেখার আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নেই।”
এ বিষয়ে জেলা ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে সড়ক অবরোধ তুলে নিয়েছে। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “বাসস্ট্যান্ডে বাস রাখার জায়গা না থাকলেও ভেতরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র নেই। তাই সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।”