০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে মহাসড়কের পাশে ট্রলি ব্যাগে নারীর খণ্ডিত লাশ

তাৎক্ষণিক নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরে মহাসড়কের পাশে ট্রলি ব্যাগে নারীর খণ্ডিত লাশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি সেতুর নিচ থেকে ব্রিফকেসের ভেতর নারীর খণ্ডিত লাশ পায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 08:10 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সেতুর নিচে পাওয়া একটি ট্রলি ব্যাগ থেকে এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার ভবানীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আল মামুন।

তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আল মামুন বলেন, বিকালে স্থানীয়রা সেতুর নিচে ডোবায় পরিত্যক্ত ট্রলি ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি ব্যাগটি খুলে এক নারীর খণ্ডিত লাশ পায়।

মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

ওসি বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং ওই নারী কীভাবে সেখানে পৌঁছেছেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। সেইসঙ্গে নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।