Published : 26 Aug 2026, 07:43 PM
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক প্রবাসী সাংবাদিককে লেখালেখি বন্ধ ও প্রাণনাশের হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলার হিড়িমদিয়া গ্রামের বাড়ির ফটকের নিচে চিঠিটি পাওয়ার পর সাংবাদিক হাসান ইমাম রুবেল ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান বলেন, “সকালে হাসান ইমাম রুবেল নামে একজন ওই উড়ো চিঠির রেফারেন্সে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই চিঠি রেখে গেছে সেটি দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হাসান ইমাম রুবেল দৈনিক প্রথম আলো, বেসরকারী টিভি স্টেশন চ্যানেল ২৪ সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করছেন।
হাসান ইমাম রুবেল বলেন, “পরিবার নিয়ে অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছি। ভোরে বাড়ির ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি কে বা কারা রেখে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করে একটি জিডি করেছি।
“হুমকির চিঠির প্রকৃত উৎস এবং এর সঙ্গে কারা জড়িত- তা তদন্তের মাধ্যমে শনাক্ত করার দাবি জানাচ্ছি।”
জিডিতে অভিযোগ করা হয়েছে, চিঠিতে তার ফেইসবুকের বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখির প্রসঙ্গ এনে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসব লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছে। না মানলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।