Published : 04 Aug 2025, 07:00 PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় নারায়ণগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমান পরিবারের ‘ক্যাডার’ হিসেবে পরিচিত বলে ভাষ্য পুলিশের।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গ্রেপ্তার মেহেদী খন্দকার ম্যাকলিন (৩০) শহরের চাষাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী বলেন, “তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলকে সহযোগিতা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল।”
পুলিশ জানায়, ম্যাকলিন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নের অনুসারী ছিলেন। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ম্যাকলিনকে আগ্নেয়াস্ত্র হাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়তে দেখা গেছে।
চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ শহরে ম্যাকলিন ছিলেন এক ‘আতঙ্কের’ নাম। সাবেক সংসদ সদস্যের ছেলের ঘনিষ্ঠজন হওয়ার কারণে কখনও তার বিরুদ্ধে কেউ কিছু বলত না। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে।