২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাটোরে নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামীকে গণপিটুনি

“কাপ্তাই সেনানিবাসে কর্মরত ছিলেন রবিন; আজ সেখান থেকে পালিয়ে এসেছেন,” বলেন ওসি জিয়াউর রহমান।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 01:10 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

নাটোরের লালপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। 

এ ঘটনায় রবিন হোসেন (২৩) নামের ওই ব্যক্তিকে পুলিশে দেওয়ার আগে গণপিটুনি দেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার বিকালে শোভদিদারপাড়া এলাকায় নাটোর-আব্দুলাপুর রেলপথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

তিনি বলেন, রবিন হোসেন সেনাবাহিনীতে চাকরি করেন। তিনি ঈশ্বরদী রেলওয়ে থানায় গ্রেপ্তার আছেন। 

নিহত নারীর নাম তাম্মি আক্তার। তিনি লালপুরের নাবীরপাড়া এলাকার জিল্লুর রহমানের মেয়ে।

অন্যদিকে রবিন হোসেনের বাড়ি লালপুরের চন্ডিগাছা এলাকায়। তার বাবার নাম কছিম উদ্দিন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ১০ মাস সংসারের পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। মোবাইলে মাঝেমধ্যে তাদের কথা হতো। কিন্তু কোনো বিষয়ে হয়ত দ্বন্দ্ব ছিল।

“কাপ্তাই সেনানিবাসে কর্মরত রবিন আজ ইউনিট থেকে তিনি পালিয়ে চলে আসেন। আসার পরেই মেয়েটাকে নিয়ে রেললাইনের পাশে শোভদিদারপাড়ায় সময় কাটায়। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিতণ্ডা হলে ছেলেটি ছুরি দিয়ে মেয়েটির শ্বাসনালী কেটে দেয়।”

এ ঘটনায় মেয়ের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী  রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।