২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে অবৈধভাবে বালু তোলার সময় ড্রেজার জব্দ, পালানোর সময় ধাওয়া

অভিযানকালে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

বিডিনিউজ২৪

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 11:31 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

নোয়াখালী সদর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে পশ্চিম ধুমচর গ্রামের মির্জানগর বরইতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি বলেন, “অভিযানের খবর পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যায়। পালানোর সময় হামলায় কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আটকানোর চেষ্টার সময় তাদের হামলায় এক নারী ও শিশুসহ তিনজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, কিরণ ও সোহাগ নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এতে স্থানীয়দের বসতবাড়ি ও কৃষি জমি হুমকির মুখে পড়ে। ফলে স্থানীয়রা সুধারাম মডেল থানায় অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। 

তিনি বলেন, “এলাকাবাসীর ওপর হামলার খবর পেয়েছি। ফসলি জমি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং গত এক মাসে বেশ কয়েকটি ড্রেজার জব্দ করা হয়েছে।”