১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাতিয়ায় লবণবোঝাই বাল্কহেড ডুবে নিহত ১, আহত ৭

“একটি ফিসিং বোটে আহতদের উদ্ধার করে হাতিয়ার চেয়ারম্যানঘাটে পৌঁছে দেওয়া হয়।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 06:58 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লবণ বোঝাই বাল্কহেড ডুবিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভাসান চরের পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বিভাগীয় কার্গো শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের জানান। 

আহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের মো. ফারুক মাঝি (৪১), দেলোয়ার হোসেন (২৮), জাফর উল্যাহ (২৬), তারেক হোসেন (২৩), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. মজিব (২২), চট্টগ্রামের বাঁশখালীর ছানোয়া (৫০), নুরুল আজম (২৮) ও খুলনার সবুর উদ্দিন (৬৮)। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল কাদের বলেন, “বুধবার ভোর ৪টার দিকে চট্টগ্রামের ১২ নম্বর ঘাট থেকে ‘এমভি তানিম’ নামে বাল্কহেডটি লবণ নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে হাতিয়া-সন্দ্বীপের মাঝামাঝি ভাসানচরের পশ্চিমে বঙ্গোপসাগরের জাহাজ চ্যানেলে বাল্কহেডটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

“এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে সাগর উত্তাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি ডুবে যায়। পরে একটি ফিসিং বোটে আট জনকে উদ্ধার করে হাতিয়ার চেয়ারম্যানঘাটে পৌঁছে দেওয়া হয়। এরপর সবাইকে অ্যাম্বুলেন্সে করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎক সাবেরকে মৃত ঘোষণা করেন।”

সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা কবলিত বাল্কহেডটি সম্পূর্ণ তলিয়ে গেছে বলে জানান আব্দুল কাদের।

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ ফয়সাল বলেন, বাল্কহেডডুবির ঘটনায় তারা এখনো কোনো তথ্য পাননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বুধবার সকালে হাতিয়ার নিঝুমদ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে তিনটি মাছধরা ট্রলার ডুবে যায়। তবে ট্রলারগুলোতে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী বলেন, “সকালে হঠাৎ দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে তিনটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে আশপাশে থাকা অন্য ট্রলারগুলোর সহায়তায় মাঝি-মাল্লাদের উদ্ধার করা হয়।” 

“তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ ডুবে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসমান রয়েছে এবং সেটি উদ্ধারের চেষ্টা চলছে।”

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “ট্রলারডুবির ঘটনায় সব জেলে ও মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।”