Published : 12 Mar 2026, 04:11 PM
টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে।
দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল নিতে বালতি, পাত্র ও পলিথন নিয়ে ভিড় করেন স্থানীয় কয়েকজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শুভুল্যা সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে বলে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি সোহেল সরওয়ার জানিয়েছেন।
দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। এ সময় শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উত্তরাঞ্চলগামী ‘সিরাজুল মটরস’ নামের কাভার্ড ভ্যানটি অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক দুমড়ে-মুচড়ে যায়।
পরে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায় বলে ওসি সোহেল সরওয়ার জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনায় কভার্ড ভ্যানটির তেলের ট্যাংক এক পাশে ছিদ্র হয়ে গেলে সেখান থেকে ডিজেল ঝরতে থাকে। তখন সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান।

শুভুল্যা গ্রামের বাস চালক রুবেল মিয়া বলেন, “আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। একটি লোহার দণ্ড দিয়ে ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করি এবং পরে সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করি। এতে কিছুটা সফলতাও পাই।”
গোড়াই হাইওয়ে থানার এসআই আনিস বলেন, “আমরা ঘটনাস্থলে এসে গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য টানা চার ঘণ্টা কাজ করি। বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যানটি রেকারের মাধ্যমে থানায় নিয়ে আসা হয়। বেলা সাড়ে ১২টার পর থেকে মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।”
ওসি সোহেল সরওয়ার বলেন, “দুর্ঘটনাকবলিত কভার্ড ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
“দুর্ঘটনরা পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।”