নেত্রকোণায় হামের প্রকোপ: আটপাড়ায় ২১ দিনের টিকাদান কর্মসূচি শুরু
“প্রথম দিনে ৮৮৫ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ছাড়িয়ে ৯৬০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।”
হামের উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা হিসেবে নেত্রকোণার আটপাড়া উপজেলায় প্রথম দিন ৯৬০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
সোমবার এ তথ্য জানিয়েছেন জেলার সিভিল সার্জন গোলাম মওলা।
তিনি বলেন, “উপজেলার তিনটি ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হয়। প্রথম দিনে ৮৮৫ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা ছাড়িয়ে ৯৬০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
“টিকা দেওয়ার সাফল্যের হার ১০৮ দশমিক ৪৭ শতাংশ। হাম নির্মূলে পর্যায়ক্রমে টানা ২১ দিন ধরে উপজেলায় এই টিকা দেওয়া হবে।”
জেলার হাম পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন বলেন, “হামের উপসর্গ নিয়ে একদিনে ১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ছয়জন সদর হাসপাতাল ও চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি। দুইজনকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
“এ নিয়ে ১২ দিনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ জনে। এদের মধ্যে ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নয়জনকে পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এক জনের মৃত্যু হয়েছে। বাকি ১৫ জন বর্তমানে নেত্রকোণার হাসপাতালগুলোর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।”
রোববার সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌর এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন।
তালিকায় বরগুনা পৌরসভা ও সদর, পাবনা পৌরসভা ও সদর, চাঁদপুর পৌরসভা ও সদর, কক্সবাজারের মহেশখালী, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, পাবনার ঈশ্বরদী, নেত্রকোণার আটপাড়া, ময়মনসিংহ সদর ও ত্রিশাল, রাজশাহীর গোদাগাড়ী, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জের লৌহজং, কক্মবাজারের রামু, চাঁদপুরের হাইমচর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি, শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের শ্রীনগরসহ আরও কয়েকটি এলাকা রয়েছে।
