৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হামের বিশেষ টিকা দেওয়া শুরু নেত্রকোণার আটপাড়ায়

হাম নির্মূলে পর্যায়ক্রমে টানা ২১ দিন ধরে উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ হাজার ৮০৯ শিশুকে এই টিকা দেয়া হবে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 11:31 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

হামের ঝুঁকিপ্রবণ এলাকা হিসেবে নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিশেষ কর্মসূচির আওতায় শিশুদের রোগটির টিকা দেয়া শুরু হয়েছে। 

রোববার উপজেলার তিনটি ইউনিয়নে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১১ কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের এই টিকা দেয়া হচ্ছে বলে জানান আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল। 

তিনি বলেন, হাম নির্মূলে পর্যায়ক্রমে টানা ২১ দিন ধরে উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ হাজার ৮০৯ শিশুকে এই টিকা দেয়া হবে, রোববার তিনটি  ইউনিয়নে টিকা দেয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১ জন টিকা প্রদানকারী ও ২ জন স্বেচ্ছাসেবক সহকারি কাজ করছেন।

এছাড়াও ২১টি কেন্দ্রে নিয়মিত টিকাগুলো দেয়া হচ্ছে। 

সকালে উপজেলার বানিয়াজান গ্রামের আলহাজ্ব মাসুম চৌধুরীর বাড়ির অস্থায়ী কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল।

এ সময় তিনি বলেন, আটপাড়ায় হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১০ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৩ শিশুর হাম শনাক্ত হয়।