Published : 14 Aug 2025, 04:59 PM
বগুড়া সদরে অনলাইন জুয়ার পাওনা টাকা দেওয়ার কথা বলে মধ্যরাতে ঘুম থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ গ্রামে এ ঘটনা ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানিয়েছেন।
নিহত রাসেল ওই গ্রামের আবু বক্করের ছেলে এবং বগুড়া ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন।
তার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্বজনরা বলেন, বুধবার রাতের খাবারের পর পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন রাসেল। মধ্যরাতে প্রতিবেশী কিশোর পাওনা টাকা দেওয়ার কথা বলে ম্যাসেঞ্জারে কল করে তাকে বাড়ির বাইরে ডেকে নেয়৷ এরপর বাড়ির পাশের খোলা মাঠে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের বুক ও পিঠে আঘাত করে। প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়িতে এসে লুটিয়ে পড়ে সে। দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনার পর ঢাকায় পালানোর পথে বনানী এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করলে কড়া নিরাপত্তায় তাকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো চাকু।
তিনি বলেন, অনলাইনে একাধিক অ্যাপসে একসঙ্গে জুয়া খেলতেন নিহত রাসেল এবং ওই কিশোর। জুয়া খেলায় ওই ছেলের কাছে পাওনা ২২ হাজার টাকা দাবি করে তাকে চাপ দিচ্ছিল রাসেল। এ নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।