১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার যুবক

“এক পর্যায়ে মেয়েটির মা ঘরে এসে লিটনকে দেখতে পেয়ে পরিচয় জানতে চায়। তখন লিটন পালিয়ে যায়।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:18 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার গভীর রাতে বাকেরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর এএসপি হাসান জানান।

গ্রেপ্তার ২৩ বছর বয়সী রেফাউল ইসলাম লিটন নগরীর পূর্ব বগুড়া রোডের বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।

এএসপি হাসান বলেন,“ গত ১২ মে নগরীর আমির কুটির এলাকার বাসায় বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে বাসায় একা রেখে তার মা কাজে যান। বেলা পৌনে ১টার দিকে লিটন ওই বাসায় আসেন। লিটন এ সময় নিজেকে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে।

“পরে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির মা ঘরে এসে লিটনকে দেখতে পেয়ে পরিচয় জানতে চায়। তখন লিটন পালিয়ে যায়।”

এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বরিশাল কোতয়ালি মডেল থানায় মামলা করেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি বলেন, মামলার পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে লিটনের অবস্থান বাকেরগঞ্জ এলাকায় সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।  

লিটনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এএসপি জানান।