Published : 25 Jul 2026, 05:52 PM
সিরাজগঞ্জ জেলা কারাগারের এক হাজতি অসুস্থ হয়ে কয়েক দফা চিকিৎসা নেওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা গেছেন।
শনিবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান।
মারা যাওয়া কাওসার হোসেন (২২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কাওসারকে কারাগারে পাঠানো হয়। অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক গোলাম রাব্বি খান বলেন, দীর্ঘদিন জ্বরে ভোগার পর কাওসারের মস্তিষ্কে সংক্রমণ (ব্রেন ইনফেকশন) ধরা পড়ে। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল।
ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান বলেন, কাওসারের মৃত্যুর খবর তার স্বজনদের জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।