২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যশোরে ‘যুবলীগের কর্মীকে’ ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

“কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন, কথা বলে আসছি। কারা ডাকছে জানতে চাইলে তিনি বলেছিলেন, এসে জানাচ্ছি।”

যশোরে ‘যুবলীগের কর্মীকে’ ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
রেজাউল ইসলাম

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 12:45 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর সদর এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। যিনি ‘যুবলীগের সক্রিয় কর্মী’ ছিলেন বলে দাবি পরিবারের।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার পর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত। 

নিহত রেজাউল ইসলাম (৫০) একই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

রেজাউল যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন জানিয়ে এ হত্যাকাণ্ডের সঙ্গে গ্রামের লোকজন জড়িত বলে দাবি করেছেন নিহতের স্ত্রী শিউলি বেগম।

শিউলি বলেন, “রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে একটি কল আসলে রেজাউল বাড়ির ছাদে বসে কিছুক্ষণ কথা বলেন। এরপর দরজা খুলে বাইরে যান। কোথায় যাচ্ছেন জানতে চাইলে বলেন, কথা বলে আসছি। কারা ডাকছে জানতে চাইলে তিনি বলেছিলেন, এসে জানাচ্ছি।”

শিউলি আরও বলেন, এর কিছু সময় পর প্রতিবেশীদের ডাকে ঘুম ভেঙে জানতে পারেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান কাটা একটি গাছের উপর পড়ে আছেন রেজাউলের নিথর দেহ।

ওসি আবুল হাসনাত বলেন, রেজাউল ইসলামকে ডেকে নিয়ে বাড়ির পাশেই তাকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে  হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, নিহত রেজাউলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে। এগুলোর অধিকাংশ ডাকাতি চেষ্টা, অস্ত্র ও মাদক বিরোধী অভিযোগে দায়ের করা।