Published : 17 Oct 2025, 08:21 AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল সংসদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর ভোট শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
রাত সাড়ে ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধিদের ফল ঘোষণা শুরু হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয় ২৪ হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে মোহাম্মদ রাসেল মিয়া ৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ইমরোল হাসান ৫৯১ ভোট পেয়ে জয় পেয়েছেন।
এ ছাড়া শাহাদাৎ হোসেন ৪৩১ ভোট পেয়ে এজিএস পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে ১৭টি হলের মোট ভোটে রাকসুতে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের মোস্তাকুর রহমান জাহিদ এবং ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী সাড়ে তিন দশক পর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন কেন্দ্রে ৪টার পরও লাইনে অন্তত ৫০ জনকে দাঁড়িয়ে ছিলেন। তাদের সবার ভোটগ্রহণ করা হয়েছে।
বিকাল সাড়ে ৫টার দিকে সব কেন্দ্র থেকে ব্যালট পেপার ও বাক্স কঠোর নিরাপত্তার মধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানেই রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ভোট গণনা শুরু হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। এর মধ্যে ছয়টি মেয়েদের এবং ১১টি ছেলেদের।