Published : 05 Jul 2026, 10:15 PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক নারী কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নড়াইল জেলা কারাগারের জেলার মো. সাইফুল ইসলাম।
মৃত লাইচ বেগম (৪৫) লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের বাহার উদ্দিন মোল্যার স্ত্রী।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, দুপুরে কারাগার থেকে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
নড়াইল জেলা কারাগারের জেলার মো. সাইফুল ইসলাম বলেন, লাইচ বেগম কয়েদি নম্বর ৭১৯০/এ। দুপুরের দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তিনি হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল।
২০১১ সালের ২৪ এপ্রিল লোহাগড়ার চর দিঘলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুসা খন্দকার খুন হন। এ ঘটনায় করা মামলায় গত বছর নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।