Published : 26 May 2026, 01:54 PM
সাতক্ষীরার তালায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তালা থানার ওসি শহিদুল ইসলাম।
নিহতরা হলেন, নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫)। তারা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকির ও হাফিজুল ইসলাম ফকিরের ছেলে, তারা দুজন চাচাতো ভাই।ওসি শহিদুল ইসলাম বলেন, নিজের খামারের জন্য মাছ আনতে চাচাতো ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ভোরে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশ্যে রওনা হন নাসিম আলী ফকির।
পথে তেতুলিয়া জামে মসজিদের কাছে পৌঁছালে আঠারোমাইল এলাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি রাস্তার পাশে পড়ে গিয়ে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে চাপা যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাসিম আলী ফকির নিহত হন এবং গুরুতর আহত হন মেহেদী হাসান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিম আলীর মরদেহ উদ্ধার করে। আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তিনি মারা যান।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ বর্মকর্তা।