১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুশ-ইনের প্রতিবাদ করেছি, প্রোপার চ্যানেলে পাঠাতে বলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

“দেশে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের প্রবণতা বাড়ার বিষয়টি অতিরঞ্জিত করে প্রতিবেদন করলে প্রতিবেশি দেশ তাতে সুবিধা নেয়।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 02:22 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

সীমান্তে পুশ-ইন ইস্যুতে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশিদের প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।  

মঙ্গলবার সকালে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নবীন রিক্রুট ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, “সম্প্রতি সীমান্তে পুশ-ইনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি, বাংলাদেশিদের প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর।

“আমরা উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি তুলে ধরেছি। যথাযথ চ্যানেল ব্যবহার করলে আমরা আমাদের নাগরিক হিসেবে তাদের গ্রহণ করতে প্রস্তুত।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তে কোনও সুরক্ষা ঘাটতি নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের বাহিনী সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত।”

দেশের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “দেশে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের প্রবণতা বাড়ার বিষয়টি অতিরঞ্জিত করে প্রতিবেদন করলে প্রতিবেশি দেশ তাতে সুবিধা নেয়।

“আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শিথিল হয়নি; অভিযান অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।”

দেশের কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও এ সময় জানান তিনি।

পরে তিনি কৃতি নবীন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন ডেপুটি জেলারদের র‍্যাংক ব্যাচ প্রদান করেন।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সৈয়দ মোতাহের হোসেন এবং রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন কামাল হোসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ১৮ জন নবীন ডেপুটি জেলার এবং ৫০৮ জন নবীন কারারক্ষী ও নারী কারারক্ষী অংশ নেন।