আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের দুর্গাপূজার ছুটি
১৪ অক্টোবর থেকে যথারীতি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চলবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বাণিজ্য বন্ধ থাকলেও এ সময় বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে।
শফিকুল বলেন, “দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বন্দরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষকেও বিষয়টি চিঠি দিয়ে অবগত করা হয়েছে।
“ছুটি শেষে আগামী ১৪ অক্টোবর থেকে যথারীতি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চলবে।”
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, তুলা ও ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়।
এসব পণ্য দেশটির উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।
