পিরোজপুরে বিএনপি প্রার্থীর কর্মীদের ওপর হামলা, যুবদল নেতাসহ আহত ৪
পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী জয়ী হয়েছেন।
নির্বাচন পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেনের কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এতে যুবদল নেতাসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। তবে হামলাকারীদের বিষয়ে মুখ খুলছেন না কেউ।
শুক্রবার বিকাল ৪টায় ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান ইন্দুরকানী থানার ওসি শামীম হাওলাদার।
আহতরা হলেন- বালিপাড়া গ্রামের বাসিন্দা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ইউনুস খা, তার মা সুফিয়া বেগম এবং দুই ভাগ্নী শামীমা ও মরিয়ম।
শামীমা বলেন, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে তাদের দোকানের সামনে কয়েকজন গালাগাল এবং হুমকি দেয়। পরে ইউনুস খা গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় বাধা দিতে গেলে তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রফিকুল ইসলাম বলেন, ইউনুস খাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রয়াত দেলোয়ার হোসেন সাইদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ সাত হাজার ১০৫ ভোট।
