১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় তাল গাছে ধাক্কা দিয়ে ডোবায় মোটরসাইকেল, নিহত ২ বন্ধু

ঈদের মধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রহিমপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন তরুণ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 11:27 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে ডোবায় পড়ে আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। 

শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় কলমাকান্দা-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম। 

নিহতরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব মিয়া (২৪) ও একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান মিয়া (২০)।

আহত বিল্লাল মিয়া (১৮) ঘোষপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি আবুল হাশেম বলেন, ঈদের মধ্যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রহিমপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন তরুণ। এসময় এলাকার গজারমারি ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ডোবায় ছিটকে পড়ে তারা। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়েছে।

আহত বিল্লালের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।