১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্ররোচনার দায়ে ২ এজেন্টের কারাদণ্ড

“পোলিং এজেন্ট শাকির মিয়া অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারছিলেন।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 02:25 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব্যালট পেপারে সিল মারা এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্ররোচিত করার অপরাধে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উপজেলার কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং এজেন্ট শাকির মিয়া (৩৯), পোলিং এজেন্ট হৃদয় মিয়া (২৮) এবং কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া মো. রাকিব হোসেন (২৪)।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, পোলিং এজেন্ট শাকির মিয়া অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটকের পর দণ্ডবিধির ১৭১-চ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই কেন্দ্রে হৃদয় মিয়া নামের অপর একজন পোলিং এজেন্ট ভোটারদের তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে প্ররোচিত করছিলেন। তাকেও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

এ ছাড়া কেন্দ্রের বাইরে ৪০০ গজের মধ্যে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করায় রাকিব হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।