১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৩ জেলের অর্থদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

তাদের ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 04:16 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ১৭ জেলে আটক করেছে টাস্কফোর্স। 

ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ১৩ জনকে অর্থদণ্ড দিয়েছে, বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ভোর ৩টা পর্যন্ত মেঘনা নদীর সদরের হরিনা থেকে কাচিকাটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক জেলেরা হলেন- আক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও  মো. সাগর (২৮)। 

(অপ্রাপ্ত বয়স্কদের নাম পরিচয় প্রকাশ করা হলো না।) তাদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।

মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “অভিযানের সময় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১৭ জেলে আটক করা হয়। 

“পরে তাদের মধ্যে ১৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।”

বাকি চার জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান মৎস কর্মকর্তা। 

তিনি বলেন, “রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের অর্থদণ্ড প্রদান করেন। 

“জব্দ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জেলে নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।”