Published : 21 Nov 2025, 09:52 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একই দিন একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
দলটির দুই পক্ষ শনিবার উপজেলার কাঁচপুর বালুর মাঠে আলাদা কর্মসূচি আয়োজনের বিষয়ে প্রশাসনের কাছে চিঠিও দিয়েছে বলে সোনারগাঁ থানার ওসি রাশেদুল ইসলাম জানান শুক্রবার।
আগামীকাল দুপুর ২টায় কাঁচপুর বালুর মাঠে মনোনয়ন বঞ্চিতদের জনসভা অনুষ্ঠিত হবে বলে প্রশাসনে দেওয়া চিঠিতে জানান সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি মো. পনির হোসেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঠানো চিঠিতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
মনোনয়ন-বঞ্চিতদের মধ্যে রয়েছেন, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
একইদিন মাত্র এক ঘণ্টা পর বেলা ৩টায় একইস্থানে ‘আলোচনা সভা’ আয়োজনের অনুমতি চান সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান।
তিনি সোনারগাঁ থানার ওসির কাছে জমা দেওয়া অবহিতকরণ পত্রে কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান।
একই মাঠে দুই পক্ষের আলাদা কর্মসূচির আবেদনে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির একাংশ বলছে, দলীয় মনোনয়ন ঘোষণার পর নারায়ণগঞ্জ-৩ আসনে যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে, এই পরিস্থিতি তারই বহিঃপ্রকাশ। তাদের মতে, উপজেলা বিএনপিতে নেতৃত্ব নিয়ে টানাপড়েন এবং সমন্বয়হীনতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কাও করছেন সাধারণ মানুষ। তবে সোনারগাঁ থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “উভয়পক্ষ আমাদের চিঠি দিয়েছে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ইউএনও অবগত। আমরা একই স্থানে কাছাকাছি সময়ে দুটি কর্মসূচি করতে নিরুৎসাহিত করেছি। আইনশৃঙ্খলা যেন অবনতি না হয়, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
প্রয়োজনে ১৪৪ ধারা জারি করা হতে পারে বলেও জানান ওসি রাশেদুল ইসলাম।
এ বিষয়ে জানতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।