২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাভারে বাসচাপায় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে আজও সড়ক অবরোধ

বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই শতাধিক শিক্ষার্থী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2024, 05:50 PM

Updated : 26 Aug 2026, 11:11 AM

ঢাকার সাভারে বাস চাপায় নার্সিং কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে দ্বিতীয় দিনেরও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা।

এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েকশ যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ পথচারীরা।

সোমবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত মহাসড়কের শিমুলতলা এলাকা অবরোধ করে রাখেন পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজের দুই শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা তাদের সহপাঠী প্রত্যয় কুমার সরকারকে (৩০) চাপা দেওয়া ঠিকানা পরিবহনের বাসচালক ও তার সহকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, শনিবার ঠিকানা পরিবহনের দ্রুতগতির একটি বাস সিআরপি নাসিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় কুমার সরকারকে চাপা দেয়। বেপরোয়া বাসের চাপায় প্রত্যয়ের মৃত্যু হয়।

দ্রুত বাসচালক ও সহকারীকে শাস্তির আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকালে প্রত্যয় কুমার নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবি জানান শিক্ষার্থীরা।

শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজার সামনে ঠিকানা পরিবহনের বাসচাপায় প্রত্যয় কুমার নিহত হন। 

তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত প্রত্যয় মেহেরপুরের গাংনী উপজেলার জনাথন সরকারের ছেলে। তারা বাবাও সিআরপিতে কর্মরত।