Published : 22 Feb 2026, 12:50 PM
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি উপজেলা) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদের নেতৃত্বে সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
রোববার সকাল সাড়ে ৬টা থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচি করা হয়।
এ সময় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। ”
জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই তার মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “আমরা শুধু রাস্তা-ঘাটের পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের সামাজিক আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই। এ জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই।”
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমির মওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে সংসদ সদস্যের নিজ হাতে আবর্জনা পরিষ্কার করতে দেখে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষও এ কাজে অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “একজন সংসদ সদস্যের এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।”
এ ছাড়া আরিফুল ইসলাম, জেলার বটতলী এলাকা থেকে আসা ব্যবসায়ী জাকির হোসেন, নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকা থেকে আসা মজিদুল হকসহ পথচারীরা নবনির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশার কথা জানান।