Published : 02 Jul 2026, 01:26 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ৬১ বছর বয়সী মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা বলে ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন।
মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি পরিচালনার পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
পুলিশ বলছে, বুধবার রাত থেকে মোতালেব নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মোতালেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই রফিকুল ইসলাম বলছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
“এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।”
তিনি বলেন, “ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।”