১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত লাশ মিলল কাঠবাগানে

নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদীতে চাকরিচ্যুত পুলিশ সদস্যের রক্তাক্ত লাশ মিলল কাঠবাগানে
প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

নরসিংদীর রায়পুরা উপজেলায় কাঠবাগান থেকে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুধবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।

নিহত জাহিদুল ইসলাম জুয়েল (৩৫) উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলীয়াকান্দি এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলামের ছেলে। তিনি এক সময় পুলিশে কর্মরত ছিলেন, বর্তমানে চাকরিচ্যুত।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাঠবাগানে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় কে বা কার জুয়েলকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার ওসি এবং পিবিআইয়ের সদস্যরা। 

এ বিষয়ে জুয়েলের বাবা নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

ওসি আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।