শ্বশুরকে ফোন করে স্ত্রীর ‘আত্মহত্যার’ কথা বলে পালালেন স্বামী
পটুয়াখালীর কলাপাড়ায় ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি প্রবাসী এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর শ্বশুরকে ফোন করে স্ত্রীর ‘আত্মহত্যার’ কথা বলে পালিয়ে যান স্বামী।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম।
মৃত মরিয়ম বেগম (৩৮) ওই এলাকার নাসির সিকদারের স্ত্রী। মরিয়মের ২২ বছর ও ১২ বছরের দুই ছেলে আছে। বড় ছেলে এলাকায় শ্রমিকের কাজ করেন আর ছোট ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে।
ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মরিয়মের ভাই ও স্বজনদের বরাতে তিনি বলেন, দুই সন্তানের জননী মরিয়ম প্রায় আট বছর ধরে সৌদি আরবে থাকেন। আট দিন আগে তিনি দেশে ফিরে বাড়িতে ওঠেন। এরপর থেকে পারিবারিক বিষয় নিয়ে তার সঙ্গে নাসিরের ঝগড়াঝাঁটি চলছিল।
“রোববার সন্ধ্যার পর মরিয়মের কাছে টাকা দাবি করেন নাসির। তবে মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাতে স্বামী-স্ত্রী একঘরে অবস্থান করেন। ভোরে নাসির তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে বলেন, মরিয়ম ‘আত্মহত্যা’ করেছে”, বলেন ওসি।
তিনি বলেন, সকালে এলাকাবাসী বাড়ির আঙিনায় মরিয়মের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর থেকে নাসিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে।
ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মরিয়মের ভাই বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
