Published : 02 Feb 2026, 03:53 PM
সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানিয়েছেন।
নিহত ১৯ বছর বয়সী বাধন আহমেদ উপজেলার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে।
এ ঘটনায় আহত মাহিন নিহত বাধন আহমেদের বন্ধু। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি ওমর বলেন, “একটি মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাধন গুরুতর আহত হলে তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।