০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরের হত্যা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

গত ১৮ মে রাত সাড়ে ৯টার দিকে শাহালমের ভাই আশরাফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 11:10 AM

Updated : 19 Sep 2026, 02:28 PM

শেরপুরের শ্রীবরদীর একটি হত্যা মামলার আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানির কমান্ডার মেজর লাবিদ আহমেদ। 

গ্রেপ্তার আবুল হাসেম সরকার শেরপুরের শ্রীবরদী উপজেলার আশরাফুল ইসলাম (৩২) হত্যা মামলার অন্যতম আসামি। 

র‍্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের প্রয়াত কালু মিয়ার ছেলে মো. শাহালম (৪৫) ও তার পরিবারের সাথে একই এলাকার হাসেম এবং অন্যান্যদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এর জের ধরে গত ১৮ মে রাত সাড়ে ৯টার দিকে শাহালমের ভাই আশরাফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । 

ওই ঘটনায় গত ১৯ মে শেরপুরের শ্রীবরদী থানায় মামলা করেন শাহালম। মামলার পর থেকেই ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেপ্তার এড়াতে সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।

পরে সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর এর আভিযানিক দল পলাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের সহায়তায় গাজীপুর থেকে আবুল হাশেম সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জামালপুর ক্যাম্পের কোম্পানির কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৪ এর এ ধরনের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।